দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি বলেছেন, বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার। জনগণের দাবি অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প সময়ের ভেতরে বাস্তবায়ন করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রংপুরে এসে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প কারখানা তৈরির কথা বলেছেন। এই অঞ্চল খাদ্য উৎপাদনে ভালো ভূমিকা রাখে। এখানকার শ্রম সস্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তাই অন্য অঞ্চলের মতো রংপুর বিভাগেরও সমহারে উন্নয়ন হবে।
তিস্তা নদী প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিস্তা আন্দোলনের সঙ্গে আমি জড়িত। তিস্তাপাড়ের সন্তান হিসেবে রংপুরের দুই কোটি মানুষের আকাঙ্ক্ষা তিস্তা নদী সংরক্ষণ ও উন্নয়ন। আমরা সরকার গঠনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা নিয়ে কিছু প্রকল্প গ্রহণ করেছিল। তবে তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা নদী শাসন, খনন এবং তিস্তাপাড়ের মানুষের দাবি বাস্তবায়ন করব।
মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আদেশ মেনে চলবেন। আলোচনায় আমরা রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং মাদক নির্মূলকে বেশি গুরুত্ব দিয়েছি। কিছু সরকারি দপ্তরে ঘাটতি রয়েছে। সেইসঙ্গে দেশের অন্য বিভাগের চলমান কিছু প্রকল্প রংপুর বিভাগে অন্তর্ভুক্ত হয়নি। আমরা সেটা অন্তর্ভুক্ত করতে চাই।
এ সময় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরবিএন