পঞ্চগড়ের দেবীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পৌর সদরের পাটোয়ারী পাড়া এলাকার মো. আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) এবং তার ৭ বছর বয়সি মেয়ে মুনতাহা। দুর্ঘটনায় মমতার অপর যমজ মেয়ে মুবাশ্বিরা আহত হয়েছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল নাদের পরিবহনের একটি বাস। এ সময় উপজেলার সোনাহার ইউনিয়নে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে ফিরছিলেন মমতা বেগম ও তার যমজ দুই মেয়ে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম। তারা নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও তার এক মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ঘাতক বাসটি সোনাহার বাজার এলাকায় আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহত পরিবার অভিযোগ করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সময়ের আলো/আরবিএন