কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার বিরুদ্ধে ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আতাউর রহমান আতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।
এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালে আতাউর রহমান আতার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। তদন্তের অংশ হিসেবে তার কাছে সম্পদের বিবরণী দাখিলের জন্য চিঠি পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদের বিবরণী জমা দেননি।
পরবর্তীতে তদন্তে দুদক তার ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্যপ্রমাণ পাওয়ার দাবি করে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আতাউর রহমান আতা দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সময়ের আলো/আরবিএন