বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডের প্রথম দিনেই মিলল দুই ভিন্ন গল্প। একদিকে বগুড়ায় ব্যাটে ঝড় তুলে নর্থ জোনকে জয় এনে দিলেন আকবর আলী, অন্যদিকে রাজশাহীতে ঠান্ডা মাথায় অপরাজিত সেঞ্চুরি করে সাউথ জোনকে সহজ জয়ের পথে হাঁটালেন আফিফ হোসেন ধ্রুব। লাল-সবুজের ঘরোয়া ক্রিকেটে এমন দাপুটে শুরুতে জমে উঠেছে এবারের আসর।
বিসিএলের ম্যাচে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩৩৫ রান তোলে নর্থ জোন। শুরুটা এনে দেন হাবিবুর রহমান সোহান ও তানজিদ হাসান তামিম। সোহান ১৪ বলে ১৬ রান করে ফিরলেও তামিম খেলেন ৪৪ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংস। তিন নম্বরে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যোগ করেন ৮৭ বলে ৬৮ রান। লিটন নেমেছিলেন ৪ নম্বরে। ইনিংসের ১৪তম ওভারে। কিন্তু সবাইকে হতাশ করে সাজঘরে ফেরেন তিনি। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন
উইকেটকিপার-ব্যাটার আকবর আলী। ইস্টের বোলারদের ওপর চড়াও হয়ে ৮৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় করেন ১১১ রান। তার ইনিংসেই বড় সংগ্রহ পায় নর্থ। ইস্ট জোনের হয়ে সৈয়দ খালেদ আহমেদ ১০ ওভারে ৫২ রানে ৪ উইকেট নেন। দুটি করে উইকেট পান হাসান মাহমুদ ও সাইফউদ্দিন।
৩৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইস্ট জোন নিয়মিত বিরতিতে উইকেট হারায়। পারভেজ হোসেন ইমন, অমিত হাসান ও ইয়াসির আলী রাব্বি ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। মুমিনুল হক ৮২ বলে ৮৩ রান করে লড়াই চালিয়ে যান। নাঈম হাসান অপরাজিত ৫০ করলেও দল থামে ২৮১ রানে। নর্থের হয়ে রিশাদ হোসেন ৪ উইকেট নেন, নাহিদ রানা ও এসএম মেহরব নেন দুটি করে।
রাজশাহীতে সেন্ট্রাল জোনের ২৬৫ রানের লক্ষ্য ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় সাউথ জোন। সেন্ট্রালের হয়ে মোহাম্মদ নাঈম শেখ ৬৯, মাহফিজুল ইসলাম রবিন ৬৩ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৬৭ রান করেন। রান তাড়ায় সৌম্য সরকার গোল্ডেন ডাক মেরে ফিরলেও আনিসুল ইসলাম (৪৩) ও জাওয়াদ আবরার (৪০) ৮১ রানের জুটি গড়েন। এরপর চারে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আফিফ। ৮৬ বলে ৮ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১০০ রান করেন তিনি। মোহাম্মদ মিঠুন ৬৫ বলে ৭২ রান করে দারুণ সঙ্গ দেন। ক্যারিয়ারের দ্বিতীয় লিস্ট ‘এ’ শতক পাওয়া আফিফ হোসেন ম্যাচসেরা হন। প্রথম দিনেই দুই সেঞ্চুরি, দাপুটে ব্যাটিং আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে স্পষ্ট, এবারের বিসিএল হতে যাচ্ছে রোমাঞ্চে ভরা।