গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় উপজেলার পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ৪ রাউন্ড গুলি ছুড়ে। গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ী সুমন শেখ জানান, সোমবার দিবাগত রাত ৯টায় তিনি তারাবীর নামাজ শেষে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ শুনতে পান। পরে তিনি দ্বিতীয় তলায় গিয়ে তার বেডরুমের গ্লাস ভাঙা এবং ৪টি ছিদ্র দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার বাড়ি পরিদর্শন করে গেছে। এ ঘটনার পর তিনি ও তার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন বলে জানান।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।
সময়ের আলো/আরবিএন