বিদ্যুতের দাম বেশি হওয়ায় ভারতের আদানি পাওয়ারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার নতুন করে আলোচনা করতে চায়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ নিয়ে আলোচনার বিষয়টি বাংলাদেশের নতুন সরকারের অন্যতম নতুন উদ্যোগ।
এতে বলা হয়েছে, আদানি বিদ্যুৎ উৎপাদনে যে কয়লা ব্যবহার করে সেটির দাম অনেক বেশি। ফলে বিদ্যুতের দামও বেশি হচ্ছে। বাংলাদেশকে যার ভার বহন করতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, আদানির সঙ্গে দাম নিয়ে নতুন করে আলোচনা করা হলো নতুন সরকারের অন্যতম এজেন্ডা। তবে বিষয়টি আদানির সঙ্গে এখনো উত্থাপন করা হয়নি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল ব্লুমবার্গ। তবে তিনি কোনো মন্তব্য করেননি।
আদানি পাওয়ারের এক প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশের নতুন সরকার পুনঃআলোচনার ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তিনি বলেছেন, এ মুহূর্তে চুক্তির সব ধারা তারা পূরণ করে যাচ্ছেন।
সময়ের আলো/কেএইচও