প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম
প্রতীকী ছবিনারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তির দেড় ঘণ্টার ব্যবধানে প্রতিপক্ষের হামলায় মো. ইমন (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। পেশায় তিনি একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
নিহতের বাবা ওমর খৈয়াম বলেন, আমার ছেলের সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। ওরাই ওকে ফাঁসিয়ে র্যাবের হাতে ধরিয়ে দিয়েছিল। পরে মাদক মামলায় সে কারাগারে ছিল। সোমবার রাত সাড়ে সাতটার দিকে জামিনে মুক্ত হয়ে বাড়ির পথে রওনা দেয়। কিছুক্ষণ পর মোবাইলে একটি কল পেয়ে বাইরে বের হলে প্রতিপক্ষের লোকজন ইমনকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
নিহতের বাবা আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে একজন একই দিন জামিনে কারাগার থেকে বের হয়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইমনকে হত্যা করেছে। নিহত যুবক সোমবার রাতে জামিনে কারাগার থেকে বেরিয়েছিলেন।
তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতারে অভিযান চলছে।
এফআর