পবিত্র রমজান মাস উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত গাজা ও সংকটাপন্ন সুদানে প্রায় এক লাখ ৫০ হাজার রোজাদারের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে টিম হাফেজ্জী। খাদ্য নিরাপত্তাহীনতা, চিকিৎসা সংকট ও বাস্তুচ্যুত মানুষের দুর্দশার প্রেক্ষাপটে সংস্থাটি বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করছে।
জানা যায়, সংস্থাটি ইতোমধ্যে গাজায় ১০ হাজার পরিবারকে ২৫ কেজি করে আটা বিতরণ শুরু করেছে। পর্যায়ক্রমে এসব পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি গাজা ও সুদানে সবজি, ইফতার সামগ্রী ও জরুরি খাদ্যপণ্য বিতরণ অব্যাহত রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে অন্তত সাতটি হাসপাতালে সমন্বিত সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চিকিৎসা সহায়তা, পুষ্টিকর খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সরবরাহ করা হচ্ছে।
সুদানের চলমান গৃহযুদ্ধ ও মানবিক বিপর্যয়ের মাঝে টিম হাফেজ্জী খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ পরিবেশেও কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে খোঁজ নিয়ে জানা যায়।
সংস্থাটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ভিডিও ও মাঠপর্যায়ের প্রতিবেদনে তারিখ, দিন ও পূর্ণাঙ্গ বিবরণ সংযুক্ত রাখা হয়। প্রতিবছর ডিভিসি হোল্ডার চার্টার্ড একাউন্টেন্টের মাধ্যমে পূর্ণাঙ্গ অডিট সম্পন্ন করা হয়। দেশের শীর্ষস্থানীয় আলেমগণ সংস্থাটির কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন এবং নীতিগত দিকনির্দেশনা প্রদান করছেন।
আইনি পরামর্শ ও কাঠামোগত সহায়তার জন্য ব্যারিস্টার মুহসিন রশীদ ও আশিকুর রহমান সংস্থাটির আইনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, টিম হাফেজ্জীর কার্যক্রম আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। আলজাজিরা গাজা থেকে সরাসরি প্রায় সাত মিনিটের একটি ডকুমেন্টারি প্রতিবেদন প্রচার করেছে, যেখানে সংস্থাটির মানবিক উদ্যোগ তুলে ধরা হয়। এছাড়াও বিবিসি নিউজের বিভিন্ন প্রতিবেদনে তাদের কার্যক্রমের বিষয়টি উঠে এসেছে।
এছাড়া দেশের অভ্যন্তরেও প্রত্যন্ত অঞ্চল, দুর্গম চরাঞ্চল ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় সহায়তা প্রদান করে আসছে টিম হাফেজ্জী।
সময়ের আলো/আআ