কুমিল্লা থেকে ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলি এলাকার বেসরকারি ইম্পিরিয়াল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ওই সংসদ সদস্যের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, সকালে ব্যক্তিগত কাজে কুমিল্লা যান সংসদ সদস্য নুরুল আমিন। ফেরার সময় ফেনীর মোহাম্মদ আলী এলাকায় একটি মোটরসাইকেল তাকে বহনকারী প্রাইভেটকারের সামনে চলে আসে। মোটরসাইকেলটিকে রক্ষা করতে গিয়ে প্রাইভেটকারটি ডিভাইডারে ধাক্কা খায়। এ সময় এমপি সাহেব মুখ, মাথা ও কোমরসহ বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
তিনি আরও বলেন, তাকে প্রথমে বারইয়ারহাটে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম নগরীর ইম্পিরিয়াল হাসপাতালে আনা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ফেনী এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত আছি। কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে তা জানতে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
প্রসঙ্গত, সংসদ সদস্য নুরুল আমিন ১৯৯৮ সালে প্রথমবারের মতো ইউপি সদস্য পদে নির্বাচন করেন। নির্বাচনে জয়ী হয়ে ওই বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে জয়লাভ করেন। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তবে তাকে সেই পদ থেকে অপসারণ করা হয়।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও নুরুল আমিন নির্বাচিত হতে পারেননি। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এফআর