এএফসি এশিয়ান কাপের অংশগ্রহণের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছানোর পর গত কয়েক দিন ধরেই বেশ ব্যস্ত সময় পার করছেন আফঈদা-ঋতুপর্ণা-মারিয়া মান্ডারা।
হেড কোচ পিটার বাটলারের তীক্ষ্ম নজরে রয়েছেন ফুটবলাররা। গতকাল সকালে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে মাঠের লড়াইয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন আফঈদা, আলপি ও তাদের সতীর্থরা।
এদিন সিডনির আকাশে মেঘের আনাগোনা থাকায় সূর্যের প্রখরতা কিছুটা কম ছিল, যা ফুটবলারদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসে। তবে প্রকৃতির এই নমনীয়তা অনুশীলনের তীব্রতায় কোনো প্রভাব ফেলতে পারেনি বরং আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পূর্ণ উদ্যম ও পেশাদারিত্বের সঙ্গেই ঘাম ঝরিয়েছেন সবাই।
দেশ ছাড়ার আগের আগে মূলপর্বের জন্য প্রস্তুতির পরিকল্পনা নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন হেড কোচ পিটার বাটলার। অস্ট্রেলিয়ায় গিয়ে তাই প্রস্তুতিতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তিনি। প্রতিদিনই অনুশীলনে নিজের পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত বাটলার। অস্ট্রেলিয়ার অনুশীলন নিয়ে এবার বেশ সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
অনুশীলনে ফুটবলারদের কোনো ভুলই খুঁজে পাচ্ছেন না। বাটলার বলেন, মেয়েরা সত্যিই খুব ভালো কাজ করেছে। তাদের প্রচেষ্টায় আমি কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। তারা একদল সৎ মেয়ে এবং তারা যে পরিমাণ পরিশ্রম করেছে, তা দুর্দান্ত। প্রশিক্ষণের জন্য এটি একটি চমৎকার পরিবেশ, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠগুলো অসাধারণ।
আমাকে বলতেই হবে অনুশীলনে মেয়েদের মনোভাব চমৎকার ছিল। তবে আমি সত্যিই বিশ্বাস করি যে, এটি তাদের জন্য কাজ শুরু করার একটি দুর্দান্ত সুযোগ। আগামীকালের ম্যাচটি একটি অনুশীলন ম্যাচ হিসেবে ব্যবহার করুক, আমি এটাই চাইছি। একটি সুন্দর পরিবেশে এটি একটি অনুশীলন ম্যাচ এবং আরও গুরুত্বপূর্ণ হলো এটি তরুণ ও অভিজ্ঞ সব খেলোয়াড়দের জন্যই নিজের পজিশনের জন্য একটি বড় প্রতিযোগিতা।
অনুশীলনের পর এবার মাঠের পরীক্ষায় নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
অভিজ্ঞ ও নবীনদের সমন্বয়ে গড়া ২৬ সদস্যের এক শক্তিশালী দল নিয়ে অস্ট্রেলিয়া সফরে গেছেন প্রধান কোচ পিটার বাটলার। শুরু থেকেই এই ইংলিশ কোচ শিষ্যদের শিখিয়ে আসছেন ‘আক্রমণাত্মক ফুটবলের’ মন্ত্র।
তবে এখনই সেরা একাদশ নিয়ে তড়িঘড়ি করতে নারাজ বাটলার। সিডনির বিপক্ষে এই প্রীতি ম্যাচকেই তিনি খেলোয়াড়দের সক্ষমতা যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন।
মাঠে নামার আগে সবাইকে পরখ করে নিতে চান তিনি, যাতে চূড়ান্ত স্কোয়াড নির্বাচনের আগে কোনো ফাঁক না থাকে। ফলে বুধবারে ম্যাচটি কেবল প্রস্তুতি নয় বরং মূল একাদশে জায়গা করে নেওয়ার জন্য ফুটবলারদের নিজেদের প্রমাণের এক বড় মঞ্চ হয়ে দাঁড়িয়েছে।
বাটলার বলেন, আমি জানি না, আজ (গতকাল) রাতে আমি বসে দলের বিষয়টি নিয়ে ভাবব। আমি মাত্র কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি। আমরা ৩-৪-৩ নাকি ৩-৫-২ নাকি ৪-৪-২ ফরমেশনে খেলব, সেটা মাথায় রেখে এগোতে হবে। সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে।
আমি জানি আমি কী করতে চাই, কিন্তু আমি স্রেফ দুটি ৪৫ মিনিটের অর্ধে এটি দেখতে চাই। খেলোয়াড়দের পজিশন ও প্রাপ্যতার ভিত্তিতে সুযোগগুলো দেখব। তাই আমাদের অন্য বিকল্পগুলোও খতিয়ে দেখতে হবে এবং পজিশনগুলো নিয়েও কাজ করতে হবে।
সময়ের আলো/এআর