নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনা নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিএনপি ও হান্নান মাসউদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান নব-নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসউদ। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্প বাজারে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্য শেষে ফেরার পথে বাজার এলাকায় বিএনপির নেতাকর্মী তার ওপর হামলা চালায় বলে খবর ছড়িয়ে পড়ে। এসময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তার অনুসারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন।
এসব ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সড়কে অবস্থান নিলে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। পরে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলে অবস্থান নিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। সন্ধ্যার আগে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
সংঘর্ষে হাতিয়া থানা পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ ও উপ-পরিদর্শক শহীদুল ইসলাম আহত হন।
এছাড়া বিএনপির কর্মী আকবর, হেলাল, রিয়াদ, জাহের, হক সাহেব, লুবনা আক্তারসহ অন্তত ৩০ জন এবং এনসিপির নেতা রিপন, জাকের, শাখাওয়াতসহ প্রায় ২০ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট দলীয় সূত্র নিশ্চিত করেছে।
আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ সময় এমপি আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয় বেলাল নামে এক ব্যক্তির নেতৃত্বে তার গাড়িবহরের পেছন থেকে হামলা চালানো হয়। তিনি দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
অন্যদিকে চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান অভিযোগ করেন, এমপি মাসউদ উসকানিমূলক বক্তব্য দেন। তার বক্তব্যের পর তার দলের নেতাকর্মীরা বাজারে উঠে বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে বিভিন্ন ব্যাবসাপ্রতিষ্ঠান ও মোটরসাইকেলে ভাঙচুর শুরু হলে স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, এমপি মাসউদ বহিরাগত সন্ত্রাসীদের উস্কে দিচ্ছেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, উভয়পক্ষের সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
এফআর