দেশের কেন্দ্রীয় ব্যাংকে নতুন অধ্যায়ের সূচনা হলো। ব্যবসায়ী পটভূমি থেকে আসা মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে তিনি প্রধান কার্যালয়ে পৌঁছালে ডেপুটি গভর্নরসহ শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। গণমাধ্যমকর্মীদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এসেছি, কাজ শুরু করি। তারপর কথা বলা যাবে।’ -যা তার দায়িত্ব গ্রহণের পরপরই কাজকেন্দ্রিক অবস্থানের ইঙ্গিত দেয়।
দায়িত্ব নেওয়ার দিনেই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের সূচি নির্ধারণ করা হয়েছে। দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নরদের পাশাপাশি বিএফআইইউ প্রধান ও প্রধান অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর নির্বাহী পরিচালকদের সঙ্গে আলোচনা করবেন। দুপুর দেড়টায় সচিবালয়ে যাওয়ার কথাও রয়েছে তার কর্মসূচিতে।
আরও পড়ুন
এর আগে, বুধবার সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে অপসারণ করে চার বছরের জন্য নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ী পটভূমির ব্যক্তিকে গভর্নর পদে বসানো হলো। ফলে নীতিনির্ধারণ, ব্যাংক খাত সংস্কার ও আর্থিক শৃঙ্খলা পুনর্গঠনে তার দৃষ্টিভঙ্গি কীভাবে প্রভাব ফেলবে- সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।
নতুন গভর্নরের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং ব্যাংক খাতে সুশাসন জোরদার করার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দায়িত্বের প্রথম দিনেই ব্যস্ত কর্মসূচি ইঙ্গিত দিচ্ছে- কেন্দ্রীয় ব্যাংকে দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা রয়েছে।
এএডি/