জুলাই-আগস্টে সংঘটিত একটি হত্যা মামলায় কারাবন্দী কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
জানা যায়, ২০২৪ সালের ২০ আগস্ট হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন
আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তিনি পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
হাইকোর্টের জামিন আদেশের ফলে আপাতত ছয় মাসের জন্য তার মুক্তির পথ তৈরি হলো। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।
এএডি/