কোনো অবৈধ শক্তি চাঁদাবাজি করতে চাইলে, সেটার আর কোনো সুযোগ থাকবে না, এটা আমাদের অঙ্গীকার মন্তব্য করে নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, চাঁদাবাজি হচ্ছে সেটি, যা মানুষকে বাধ্য করে, জোর করে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতকরণার্থে প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, চাঁদা ও চাঁদাবাজি দুটি জিনিস, এতে পার্থক্য আছে। চাঁদাটা কোনো কোনো সময়ে শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা নির্ধারণ করে। আমি বোঝাচ্ছি, সমঝোতা করে তারা তাদের কল্যাণে সংগ্রহ করে এবং তাদের মতো ব্যয় করে। তাদের যে প্রক্রিয়া আছে ,সেটা তারা অনুসরণ করে। এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন।
চাঁদাকে কোনো কোনো সময় চাঁদাবাজি বলা হয় মন্তব্য করে তিনি বলেন, চাঁদা অনেক সময় সমঝোতা করে পরিবহন মালিকরা নেয়। এটা তাদের অর্থ, তারা কালেক্ট করে এবং তাদের কল্যাণে ব্যয় করবে। সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে না।
এসময় নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এবারের ঈদযাত্রা নিরাপদ হবে বলে মন্তব্য করেন শেখ রবিউল আলম রবি। নৌপথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
/ইউএমএইচ