হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের টাকার হিসাব ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাওরাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মসজিদের তহবিলের টাকার হিসাব ও আধিপত্য নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
এরই জের ধরে গত ২০ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন আজ বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে পুনরায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
পরে সন্ধ্যার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ দীর্ঘক্ষণ চলায় নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
এফআর