পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে থেকে মব কালচারের নেতৃত্ব দেবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পরিদর্শন করতে গিয়ে তিনি এই কড়া বার্তা দেন।
পরিদর্শনকালে আইজিপি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল এবং মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের নিরাপত্তা কার্যক্রম ঘুরে দেখেন।
তিনি বলেন, বর্তমানে কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ এক ধরনের আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। জনগণের এই ভীতি দূর করতেই তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণে রাস্তায় নেমেছেন।
আইজিপি স্পষ্ট করে বলেন, অপরাধী যে-ই হোক না কেন, তাদের কঠোরভাবে দমন করা হবে এবং এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি নতুন প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আলোচনার টেবিলে বসে সকল সমস্যার সমাধান করুন।
সতর্ক করে দেওয়ার উদ্দেশে তিনি বলেন, জনস্রোত বা মব কালচারকে ব্যবহার করে কোনো মহলকে ফায়দা লুটতে দেওয়া হবে না।
পুলিশ প্রধান সাম্প্রতিক সময়ের বিভিন্ন অভিযান এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেন।
তিনি জানান, পুলিশের সব পর্যায় থেকে পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। মাঠ পর্যায়ের সদস্যরা চাচ্ছেন এমন একটি পোশাক যা সহজেই চোখে পড়ে (ভিজিবল)। সরকারও এই বিষয়ে আন্তরিক এবং সবার সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, কেবল পোশাক পরিবর্তন করলেই হবে না, সবার আগে পুলিশের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন। মন মানসিকতা না বদলালে পোশাক যত উন্নতই হোক, তাতে কাঙ্ক্ষিত ফল আসবে না।
সবশেষে আইজিপি জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।
সময়ের আলো/আরবিএন