সুপার এইটে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে জায়গা করে নিলেও এই পর্বে সিকান্দার রাজার দল সমর্থকদের পুরোপুরি হতাশ করেছে। সবশেষ ভারতের বিপক্ষে ৭২ রানে হেরেছে তারা। তবে দলের এমন পরাজয়ের দিনেও ব্যক্তিগতভাবে এক অনন্য ও ঐতিহাসিক রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও ৩ হাজার রানের অসাধারণ এক ডাবল মাইলফলক স্পর্শ করার কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার।
বিশ্বকাপ শুরু হওয়ার আগেই রাজার নামের পাশে ছিল ১০০ উইকেট। সেই রেকর্ড আগেই স্পর্শ করায় বাকি ছিল কেবল ৩ হাজারি ক্লাবে প্রবেশ। ভারতের বিপক্ষে ৩১ রানের ইনিংস খেলার পথেই তিনি পৌঁছে যান কাঙ্ক্ষিত এই ঠিকানায়।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সিকান্দার রাজাই প্রথম ক্রিকেটার হিসেবে এই বিরল সম্মান অর্জন করলেন। আর সব দেশ মিলিয়ে এই মাইলফলক স্পর্শ করার ক্ষেত্রে তিনি বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাজার বর্তমান রানসংখ্যা ৩০১৬ এবং বল হাতে শিকার করেছেন ১০৪টি উইকেট।
এর আগে, মালয়েশিয়ার বিরানদিপ সিং প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন। এখন পর্যন্ত ১১১ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে বিরানদিপের সংগ্রহ ৩ হাজার ১৮০ রান এবং বল হাতে তিনি শিকার করেছেন ১০৯টি উইকেট।
সময়ের আলো/আরবিএন