ইসলামাবাদের হামলায় আফগানিস্তানের ২২৮ তালেবান সদস্য নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘অপারেশন গজব লিল–হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও ১৮ জনকে আটক করা হয়েছে। খবর আল জাজিরার।
এর আগে পাকিস্তান জানিয়েছে, তালেবানের হামলায় দেশটিতে ২৭ জন আহত হয়েছে। অন্যদিকে, তালেবান সরকার জানিয়েছে, তাদের আটজন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছে।
এদিকে পাকিস্তানে হামলায় ৫৫ সেনা নিহত হওয়ার দাবি করেছে তালেবান সরকার। আফগানিস্তানের সরকার বলেছে, গত বুধবার তারা ডুরাল্ড লাইন (আফগান–পাকিস্তান সীমান্ত) বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ওই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
কয়েক মাসের উত্তেজনার পর ফের সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই মুসলিমপ্রধান দেশ আফগানিস্তান ও পাকিস্তান। গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী।
এতে ১৩ বেসামরিক মানুষ নিহত হন বলে জানায় আফগানিস্তানে জাতিসংঘের মিশন। তবে ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানায় কাবুল।
জবাবে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ।
/এমএইচআর