পাকিস্তান-আফগানিস্তানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শন এবং অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় আনোয়ার বলেন, পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
একই সঙ্গে আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাও সম্মান করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এই দুই বিষয় পরস্পরবিরোধী নয়। বরং আলোচনার টেবিলেই এদের সমাধান সম্ভব।
কয়েক মাসের উত্তেজনার পর ফের সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই মুসলিমপ্রধান দেশ আফগানিস্তান ও পাকিস্তান।
গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী।
এতে ১৩ বেসামরিক মানুষ নিহত হন বলে জানায় আফগানিস্তানে জাতিসংঘের মিশন। তবে ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানায় কাবুল।
জবাবে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ।
এরপর গত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
সময়ের আলো/এআর