জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভোলকার তুর্ক মধ্যপ্রাচ্যে শনিবারের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সব পক্ষকে সংযম দেখিয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলার ফলাফল হবে কেবল মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা।
এক বিবৃতিতে তিনি বলেন, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং এর পর ইরানের পাল্টা হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
ভোলকার তুর্ক উল্লেখ করেন, যেকোনো সশস্ত্র সংঘাতে শেষ পর্যন্ত সবচেয়ে বড় মূল্য দিতে হয় বেসামরিক মানুষদের। তার মতে, ক্ষেপণাস্ত্র ও বোমা কখনোই মতপার্থক্য সমাধানের উপায় নয়, বরং এগুলো পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
তিনি আরও বলেন, বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিণতি এড়াতে সব পক্ষের উচিত সংযম প্রদর্শন করা, উত্তেজনা কমানো এবং আলোচনার টেবিলে ফিরে যাওয়া, যেখানে অল্প কিছু সময় আগেও সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছিল।
/ইউএমএইচ