আলোচনার মধ্যেই ইসরায়েলের সঙ্গে যোগসাজসে ইরানের মার্কিন হামলা পুরোপুরি অবৈধ এবং অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। এসময় তিনি দাবি করেন, গায়ে পড়ে যুদ্ধ জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন উঠে এসেছে তারই বিস্তারিত।
সিনেটর মার্কি এক কড়া বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্পের এই সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের কোনো অনুমতি নেওয়া হয়নি, যা মার্কিন সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্ত কেবল ইরান নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই যুদ্ধের ফলে ওই অঞ্চলে মোতায়েন থাকা হাজার হাজার মার্কিন সেনা ও সাধারণ মানুষের জীবন এখন চরম ঝুঁকির মুখে।
সিনেটর মার্কির অভিযোগ, ট্রাম্প বরাবরই ইরানের পারমাণবিক হুমকিকে অতিরঞ্জিত করে প্রচার করেছেন। এমনকি খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে, ইরান এই মুহূর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে না। তবুও ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মতো ধ্বংসাত্মক অভিযান চালিয়ে ট্রাম্প কূটনীতির পথ বন্ধ করে দিয়েছেন। অথচ যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের যথেষ্ট সুযোগ ও সময় ছিল ট্রাম্পের টেবিলে।
সবশেষে তিনি এই সংকটকে ট্রাম্পের ‘নিজ হাতে তৈরি করা বিপদ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আমেরিকানরা মধ্যপ্রাচ্যে আর কোনো অন্তহীন যুদ্ধ দেখতে চায় না। ঘরের মানুষ যখন স্বাস্থ্যসেবা পাচ্ছে না, তখন তরুণদের বিদেশের মাটিতে মরতে পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ট্রাম্প যদি এখনই এই যুদ্ধ না থামান, তবে কংগ্রেসকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। তার সোজাসাপ্টা বার্তা, ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধ নয়।
/এমএইচআর