ছুটির দিনেও ক্রেতার খরা

ফাইয়াজ উদ্দিন স্মরণ

জাতীয়

অমর একুশে বইমেলার দ্বিতীয় শিশুপ্রহর ছিল গতকাল। তাছাড়া শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী পাঠক ও দর্শনার্থীর সমাগম

2026-03-01T05:25:15+00:00
2026-03-01T05:25:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ছুটির দিনেও ক্রেতার খরা
মেলা জমে ওঠার অপেক্ষায় বিক্রেতারা
ফাইয়াজ উদ্দিন স্মরণ
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:২৫ এএম 
অমর একুশে গ্রন্থমেলায় পছন্দের বই দেখছে স্কুলশিক্ষার্থীরা। শনিবার তোলা। ছবি : আবদুল হালিম
অমর একুশে বইমেলার দ্বিতীয় শিশুপ্রহর ছিল গতকাল। তাছাড়া শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী পাঠক ও দর্শনার্থীর সমাগম তেমন দেখা যায়নি। মেলা জমে ওঠার অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা। আগামী সপ্তাহে ছুটির দিনে বইমেলা পাঠক দর্শকদের পদচারণায় মুখরিত হবে বলে প্রত্যাশা তাদের। তবে কেউ কেউ শুনাচ্ছেন হতাশারও বাণী। মেলায় গতকাল নতুন বই এসেছে ৩৮টি। 

শনিবার সরেজমিন দেখা যায়, রমজান এবং নানা কারণসহ এখনও বইমেলা জমে না উঠলেও শিশু প্রহরে বই, পাপেট ও রঙতুলি নিয়ে উচ্ছ্বাসিত শিশুরা। বাবা মায়ের হাত ধরে শিশু কিনছে নানা রকমের বই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক সমাগম তেমন লক্ষ করা যায়নি। তবে বিকালে ও সন্ধ্যার পর মানুষের উপস্থিতি কিছুটা দেখা যায়। এদিকে এখনও কিছু স্টল তৈরির কাজ চলছে। তবে খুব দ্রুতই স্টল তৈরির কাজ শেষ করে পুরোদমে জমে উঠবে বইমেলা বলে আশাবাদী অনেকেই। 
 নিজের সন্তানকে নিয়ে ঘুরতে আসা শহিদুল ইসলাম সময়ের আলোকে বলেন, মেলায় এসে ভালো লাগছে, তবে এই ভালো লাগার ভেতরেও কিছুটা ছেদ ঘটেছে, কেননা এখনও মেলার স্টলগুলো সজ্জিত হয়নি এবং পূর্ণ অবয়ব লাভ করেনি। 

এ বছর মেলায় লোকসমাগম কম হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, আমার মনে হয় একুশে বইমেলা সাধারণত ফেব্রুয়ারির ১ তারিখ হয়, সেটার ব্যত্যয় ঘটাতে এমন হয়েছে, সেই সঙ্গে এখন রোজার মাস চলছে।

তবে এই অবস্থা কাটিয়ে উঠবে বলে আশাবাদী হয়ে তিনি বলেন, তিন-চার দিনের মধ্যেই আশা করি মেলার স্টলগুলো সজ্জিত হবে এবং মেলায় লোক সমাগম ঘটবে।
কিশোর ভুবন স্টলের দায়িত্বরত সাইফুল ইসলাম সময়ের আলোকে বলেন, সাধারণত বইমেলা শুক্র‌ ও শনিবার ছুটির দিনগুলো জমে ওঠে। কিন্তু এ বছর আমরা ছুটির দিনেও তেমন কোনো পাঠক দেখছি না। মেলার শিশুদের প্রধান আকর্ষণ থাকে সিসিমপুর। গত বছরের মতো এ বছরও এই আয়োজন না থাকায় শিশুরাও তেমন আসছে না‌। কিছুদিন পর তো ঈদের আমেজ শুরু হয়ে যাবে তা হলে মেলাটা জমবে কখন?

এদিকে পালক পাবলিশার্সের বিক্রয়কর্মী শাহাদত শুভ সময়ের আলোকে বলেন, যেহেতু সবেমাত্র বইমেলা শুরু হলো তাই এই সপ্তাহে তেমন ভিড় নেই। তবে আশা করছি আগামী সপ্তাহে ছুটির দিনে সবচেয়ে বেশি লোক সমাগম ঘটবে, কেননা তারপর থেকে আবার ঈদের আমেজ লেগে যাবে। তখন আবার লোক আসবে না। তাই আগামী সপ্তাহেই সবচেয়ে বেশি কেনাবেচা হবে বলে আশা করছি।

চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা : শনিবার সকাল ১০:৩০টায় বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রথমিক বাছাই পর্ব। এতে ৩৪৭ জন (ক-শাখায় ৮২ জন, খ-শাখায় ১৮৫ জন এবং গ-শাখায় ৮১ জন) প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৭ই মার্চ ২০২৬।

মূলমঞ্চ : বিকাল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : আহমদ রফিক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ইসমাইল সাদী। আলোচনায় অংশ নেন মোস্তফা তারিকুল আহসান। সভাপতিত্ব করেন অধ্যাপক মনসুর মুসা। 

লেখক বলছি মঞ্চ : লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন আহমাদ মাযহার। 

সাংস্কৃতিক অনুষ্ঠান : বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি পরিবেশন করেন কাজী বুশরা আহমেদ তিথি, ইশরাত শিউলি, জান্নাতুল ফেরদৌস মুক্তা এবং নাসিম আহমেদ। সংগীত পরিবেশন করেন শিল্পী সালাউদ্দিন আহমেদ, শহীদ কবীর পলাশ, ইয়াকুব আলী খান, নন্দিতা মন্ডল, অপর্ণা মজুমদার, নুসরাত জাহান জেরিন এবং মো. জাকির হোসেন আখের। 

আজকের আয়োজন : আজ মেলা শুরু হবে দুপুর ২টায় এবং শেষ হবে রাত ৯টায়। বিকেল ৩:০০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : হামিদুজ্জামান খান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির। আলোচনায় অংশ নেবেন আইভি জামান। সভাপতিত্ব করবেন লালারুখ সেলিম। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: