ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) নিহত হওয়ার পর থেকে প্রশ্ন উঠেছে, পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন। এ নিয়ে আলোচনা চলতে শুরু করেছে এবং এখন পর্যন্ত পাঁচজন প্রার্থীর নাম উঠে এসেছে।
মোজতাবা খামেনি
৫৬ বছর বয়সী মোজতাবা খামেনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আধাসামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনী-এর ওপর তার গভীর ও দৃঢ় প্রভাব রয়েছে। তবে ইরানের শিয়া শাসনব্যবস্থায় পিতা-পুত্রের উত্তরাধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হয় না। এছাড়া মোজতাবা খামেনি উচ্চ পর্যায়ের ইসলামি পণ্ডিত নন এবং শাসনব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকা এখনও নেই, যা তাকে এই পদে যাওয়ার পথে একটি সীমাবদ্ধতা হিসেবে কাজ করতে পারে।
আলীরেজা আরাফি
৬৭ বছর বয়সী আলীরেজা আরাফি ইরানে তেমন পরিচিত নন, তবে তিনি খামেনির আস্থাভাজন এবং একজন প্রতিষ্ঠিত ইসলামি পণ্ডিত। আরাফি বর্তমানে ইরানের আলেমদের পরিষদের উপ-চেয়ারম্যান এবং ক্ষমতাশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য, যা ইরানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীদের বাছাই এবং পার্লামেন্টে পাস হওয়া আইনগুলো যাচাই করার দায়িত্ব পালন করে। তিনি ইরানের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রধান হলেও রাজনৈতিকভাবে হেভিওয়েট নন এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই।
মোহাম্মদ মেহদি মিরবাঘেরি
৬০ বছর বয়সী মোহাম্মদ মেহদি মিরবাঘেরি একজন কট্টরপন্থি ইসলামি আলেম এবং ইরানের কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য। তিনি ইরানের রক্ষণশীল আলেম-উলামাদের নেতা। ইরানের ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সমালোচক সংবাদমাধ্যম ইরান ওয়্যার অনুযায়ী, মিরবাঘেরি পশ্চিমাদের তীব্র বিরোধী এবং বিশ্বাস করেন যে, বিশ্বাসী মুসলিম এবং অবিশ্বাসীদের মধ্যে সংঘাত অনিবার্য। বর্তমানে তিনি ইরানের উত্তরাঞ্চলীয় শহর কোমের বিজ্ঞান অ্যাকাডেমির প্রধান।
হাসান খোমেনি
৫০ বছর বয়সী হাসান খোমেনি হলেন ইরানের ইসলামী বিপ্লবের শীর্ষ নেতা এবং দেশের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। তিনি বর্তমানে খোমেনির সমাধিসৌধের প্রধান রক্ষকের দায়িত্ব পালন করছেন। তবে তিনি সরকারের প্রশাসন পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদে আসেননি এবং ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর প্রভাবও কম। তবে অন্য প্রার্থীদের তুলনায় তিনি কম কঠোর মনোভাবের।
হাশেম হোসেইনি বুশেহরি
ষাটোর্ধ্ব হাশেম হোসেইনি বুশেহরি ইরানের একজন জ্যেষ্ঠ ইসলামি পণ্ডিত। তিনি উত্তরাধিকার ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কিত এবং ইরানের আলেম পরিষদের এক নম্বর উপ-চেয়ারম্যান। যদিও তিনি আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন, সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার সম্পর্ক তেমন দৃঢ় নয়, যা তার প্রার্থী হিসেবে ক্ষমতার অর্জনে সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হতে পারে।
/ইউএমএইচ