ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। এর জেরে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুর চালায়।
রোববার (১ মার্চ) সকাল ১১টার দিকে কালো পোশাক পরিহিত শত শত বিক্ষোভকারী লাঠি ও পাথর হাতে দূতাবাস ঘিরে ফেলে। ইরানে সাম্প্রতিক ঘটনার পর থেকেই ইরাকে মার্কিন স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে বিক্ষোভকারীরা দূতাবাস প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও বলপ্রয়োগ করে জনতাকে ছত্রভঙ্গ করে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিক্ষোভে অংশ নেওয়া আলী নামের এক ব্যক্তি বলেন, যুক্তরাষ্ট্রকে ইরাক থেকে স্থায়ীভাবে বিতাড়িত করার লক্ষ্যেই তারা এ আন্দোলনে নেমেছেন।
এদিকে এর আগে পাকিস্তানের বাণিজ্যিক শহর করাচিতে মার্কিন কূটনৈতিক মিশনেও হামলার ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা মার্কিন কনস্যুলেটে আক্রমণ চালালে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে অন্তত ৯ জন নিহত ও আরও অনেকেই আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
/ইউএমএইচ