ইরানের উপর মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার পর গাজার রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক সংস্থা জানিয়েছে, ‘রাফা ক্রসিংসহ গাজা উপত্যকায় প্রবেশপথ বন্ধ করা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সমন্বয় কার্যকর করা হয়েছে।’
রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিং দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারি মাসে পুনরায় খুলে দেওয়া হয়েছিল। এর ফলে কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো সীমিত সংখ্যক ফিলিস্তিনিরা তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন শহরের বাইরে যেতে পেরেছিলেন।
গাজায় ইসরায়েলের হামলার কারণে দুই মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতিসংঘ জানিয়েছিল, গাজায় জীবন রক্ষাকারী সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা ক্রমাগত বাধার সম্মুখীন হচ্ছে।
হিউম্যান রাইটস ওয়াচ জানয়েছে, ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে গাজার ভেতরে ওষুধ, পুনর্গঠন সরঞ্জাম, খাদ্য ও পানি সংকট দেখা দিয়েছে। তবে ইসরায়েলি সামরিক সংস্থার দাবি, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় পর্যাপ্ত খাদ্য পৌঁছেছে, যা জনসংখ্যার চারগুণ চাহিদা পূরণ করতে সক্ষম। যদিও তারা এই দাবির পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।
সময়ের আলো/এসএকে/কেএইচও