পটুয়াখালী নদীবন্দরের প্রবেশমুখে সৃষ্ট নাব্যতা সংকট ঈদের আগেই সমাধানের আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
রোববার (১ মার্চ) বিকেলে পটুয়াখালী নদীবন্দর ও আশপাশের ডুবোচর এবং ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঈদের আগে-পরে যাত্রীদের চাহিদা বাড়বে এবং প্রয়োজনে একাধিক লঞ্চ চলাচল করবে। তাই নৌপথ সচল রাখতে আগেভাগেই উদ্যোগ নেওয়া হয়েছে। স্রোতের সঙ্গে বালি জমে প্রতিবছর নাব্যতা সংকট সৃষ্টি হয়। এজন্য নিয়মিত মেইনটেন্যান্স ড্রেজিং করতে হয়। তবে স্থায়ী নদীশাসনের জন্যও একটি প্রকল্প নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত সময়ে ড্রেজিংয়ের নামে ব্যাপক লুটপাট হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বন্দরের সহকারী পরিচালক জাকির শাহরিয়ার ড্রেজিং কার্যক্রম বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
পরিদর্শনকালে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না, অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন, অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রুমি, অ্যাডভোকেট আল-আমিন সুজন, জেসমিন জাফরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরবিএন