অমিতাভ রেজার ওয়েব ফিকশন ‘লাভ সিটার’-এ কাজ করছেন সাদিয়া আয়মান। একটি পোষা বিড়াল কেন্দ্র করে রোমান্টিক ঘরানার সিনেমার গল্প আবর্তিত হয়েছে। অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি। বঙ্গ অরিজিনাল সিনেমায় সাদিয়া আয়মানের বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল পলাশ।
বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, সিনেমায় পোষা প্রাণীর প্রতি মমতা তুলে ধরা হয়েছে।
সপ্তাহখানেক ধরে ঢাকার গুলশান, বনানীতে দৃশ্যধারণ চলছে। ‘মায়াশালিক’, ‘স্বপ্নভূক’ থেকে ‘বিভাবরী’ ছয় বছরের ক্যারিয়ারে সাদিয়া আয়মানকে বেশ কয়েকটি ওয়েব সিনেমায় দেখা গেছে।
গত বছর উৎসব সিনেমায় অভিনয় করে আলোচিত হন সাদিয়া আয়মান। অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় এর আগে ‘বোহেমিয়ান ঘোড়া’য় কাজ করেছেন
সাদিয়া আয়মান।
এদিকে ৫ মার্চ সাদিয়া আয়মান অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘মিউ’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। পারিবারিক সম্পর্কের টানাপড়েনের পাশাপাশি পোষা প্রাণীর প্রতি মমতার এক গভীর মানবিক প্রশ্ন তুলে ধরার গল্পে এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আতিক জামান।
নির্মাতার ভাষ্য এটি মূলত একটি পরিবারের গল্প হলেও এখানে পোষা প্রাণীর উপস্থিতি গল্পকে দিয়েছে আলাদা মাত্রা। এই ওয়েব ফিল্মটিতে সাদিয়া আয়মানের বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’ অভিনয় করেছে এবং ফটোশুটেও অংশ নিয়েছে।
এ প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘মিউ’ আমার জন্য খুবই বিশেষ একটি কাজ। আমরা অনেক সময় পোষা প্রাণীকে ভালোবাসি কিন্তু তাদের অনুভূতি বা নির্ভরতার জায়গাটা ঠিকভাবে ভাবি না। আমার নিজের পোষা বিড়াল আলু এই ফিল্মে কাজ করেছে, এটা আমার জন্য আলাদা আনন্দের। ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন ও আজিজুল হাকিম প্রমুখ।