বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। যা আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। চলবে ২৬ মার্চ পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।
সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দিন।
তিনি জানান, পবিত্র রমজান, শবে-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ আগামী ১৫ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। তবে এসময় নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে। হেলথ অ্যান্ড স্যানিটেশন ফলের ১১ নং ধারা অনুযায়ী হেলথ কেয়ার সেন্টার মাত্র ঈদের দিন এবং ঈদের পরের দিন বন্ধ থাকবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজের জন্য আগামী ২৪ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোস্টার ডিউটির ব্যবস্থা থাকবে। এসময় নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে।
রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখা, ডেয়ারি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ত্ব খামার, কৃষিতত্ত্ব খামার গবেষণাগার, উদ্যানতত্ত্ব খামার, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ অ্যান্ড ওয়ার্কশপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাওয়ার হাউজ, বিদ্যুৎ বিভাগ, পানি সরবরাহ, গ্যাস, পর্যাপ্রণালী ও স্যানিটেশন বিভাগ, যন্ত্রদ্র সংরক্ষণ শাখা (পিএবিএক্স), স্বাস্থ্য প্রতিষেধক শাখা ও আইসিটি সেলের কাজ ন্যূনতম সংখ্যক কর্মচারীর সাহায্যে চালু থাকবে।
এদিকে, ১৫ মার্চের আগে দুইদিন ও ২৬ মার্চের পরের দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অফিসসমূহ যথারীতি বন্ধ থাকবে। তাই পবিত্র রমজান ও ঈদে সব মিলিয়ে ১৬ দিনের ছুটি পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
সেই হিসেবে ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
এফআর