খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।
সোমবার (০২ মার্চ) দীঘিনালা ইউনিয়নের বানছড়া এলাকার নোয়াপাড়ার দুর্গম পাহাড়ি স্থানে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’-এর দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিনের নির্দেশনায় এ কার্যক্রমে চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সেবা প্রদান করেন দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুহাম্মদ শায়খউদ্দীন সাকলাইন। তিনি মনোযোগ সহকারে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ প্রদান করেন।
চিকিৎসা কার্যক্রমে শিশু থেকে বৃদ্ধ, শিক্ষার্থীসহ পাহাড়ি ও বাঙালি সব শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে সেবা ও ওষুধ পেয়ে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, এমন উদ্যোগের জন্য এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী তথা দীঘিনালা জোনের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এফআর