চীনের প্রাচীর ভাঙার মিশনে আফঈদারা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অস্ট্রেলিয়ার সিডনিতে আজ রচিত হতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এএফসি নারী এশিয়ান কাপের মূল আসরে প্রথমবারের মতো

2026-03-02T22:58:51+00:00
2026-03-02T22:58:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
চীনের প্রাচীর ভাঙার মিশনে আফঈদারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৫৮ পিএম 
চীনের বিপক্ষে ম্যাচের আগের বাংলাদেশ দলের নারী ফুটবলাররা। সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার সিডনিতে আজ রচিত হতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এএফসি নারী এশিয়ান কাপের মূল আসরে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশ তাদের অভিষেক ম্যাচেই মুখোমুখি হচ্ছে এশিয়ার অপ্রতিরোধ্য শক্তি এবং বর্তমান চ্যাম্পিয়ন চীনের। 

সিডনির নান্দনিক ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে এই ঐতিহাসিক লড়াই। একদিকে টুর্নামেন্টের ৯ বারের শিরোপাজয়ী এবং স্টিল রোজেস খ্যাত অভিজ্ঞ চীন, অন্যদিকে অদম্য সাহস আর তারুণ্যের মিশেলে গড়া দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বেঙ্গল টাইগ্রেস। র‌্যাঙ্কিং আর শক্তির বিচারে দুই দলের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান থাকলেও মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্যরে সর্বোচ্চটা নিংড়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না লাল-সবুজের প্রতিনিধিরা।

গত কয়েক দিন সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে কোচ পিটার বাটলারের অধীনে নিবিড় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আফঈদা-মারিয়ারা। অস্ট্রেলিয়ার বৈরী আবহাওয়া এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের বেশ আগেই দেশ ছাড়ে বাংলাদেশ দল। সিডনির তীব্র বাতাস এবং গতির সঙ্গে মানিয়ে নিতে গত সপ্তাহে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে দল, যেখানে ১-১ গোলের ড্র আত্মবিশ্বাস জুগিয়েছে বাঘিনীদের। কোচ মূলত রক্ষণভাগকে নিচ্ছিদ্র রাখার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। শক্তিশালী চীনের গতিময় আক্রমণ রুখতে ‘কম্প্যাক্ট ডিফেন্ডিং’ এবং মাঝমাঠে বলের দখল রাখার কৌশল বারবার ঝালিয়ে নিয়েছেন কোচ বাটলার।

তবে কেবল রক্ষণই নয়, সুযোগ বুঝে পাল্টা আক্রমণে যাওয়ার রণকৌশলও প্রস্তুত রেখেছেন পিটার বাটলার। দলের প্রধান ভরসা হয়ে থাকবেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা এবং তহুরা খাতুন। তাদের ক্ষিপ্রতা আর ড্রিবলিং দক্ষতা কাজে লাগিয়ে চীনের রক্ষণে ফাটল ধরাতে চায় বাংলাদেশ। মাঝমাঠে মারিয়া মান্দা ও মনিকা চাকমার অভিজ্ঞ জুটি হবে দলের মূল চালিকাশক্তি। গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী রূপনা চাকমার সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম দলকে বাড়তি সাহস জোগাচ্ছে।

যদিও ফিফা র‌্যাঙ্কিংয়ে চীন (৩৩) বাংলাদেশের (১১৩) চেয়ে অনেক এগিয়ে। তবু বাংলাদেশের মেয়েরা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তাতে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের আশা করছে ফুটবলপ্রেমীরা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার জানিয়েছেন ইতিহাস গড়তেই মাঠে নামবেন তারা।

বাটলার বলেন, ‘আগামীকাল (আজ) বাংলাদেশ নারী দল চীনের বিপক্ষে মাঠে নামবে। অবশ্যই ইতিহাস ইতিমধ্যেই আমরা রচনা করেছি এবং আশা করি আরেকটি ইতিহাস আমরা সৃষ্টি করতে পারব। এই পর্যায়ে আমাদের নারী দল বা পুরুষ দল কেউই এর আগে এত উঁচু পর্যায়ে খেলতে পারেনি। চীন বিশ্বকাপেও খেলে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে, তাদের সঙ্গে আমরা ভালো খেলা উপহার দেব। প্রথমে দলের প্রতি আমার বার্তা- আমি একজন সমর্থক। একজন সমর্থক হিসেবেই কিন্তু বাংলাদেশ থেকে ছুটে এসেছি সিডনিতে। সিডনির বাংলাদেশি সমর্থকরাও কিন্তু মাঠে আসবে। আশা করি, মেয়েরা তাদের সেরাটা দেবে।’

কোচের মতো আত্মবিশ্বাসী অধিনায়ক আফঈদা খন্দকারও। বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানান চীন যতই শক্তিশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না। আফঈদা বলেন, ‘চীন সবদিক দিয়েই ভালো। এশিয়ান চ্যাম্পিয়ন এবং শক্তিশালী দল হিসেবে তারা খেলছে। তো, চীনের সঙ্গে খেলতে পারাটাও আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে, চ্যাম্পিয়ন দলের সঙ্গে আমরা খেলব। এ থেকে আমরা অনেক কিছু শিখব। তবে, তারা ভালো দল বলে অবশ্যই মাঠের লড়াই ছেড়ে দেব না। আমরা অবশ্যই লড়াই করব। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। আমাদের আসলে চাপ নেই। কারণ, আমরা দেশের জন্য খেলতে আসছি। দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশের প্রতিনিধিত্ব করি, তো আমাদের ওপর কোনো চাপ নেই।’

এই ম্যাচটি কেবল একটি ৯০ মিনিটের খেলা নয়, বরং এশীয় ফুটবলের অভিজাত আঙিনায় বাংলাদেশের নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার লড়াই। পুরো জাতি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সিডনির সবুজ ঘাসে আফঈদাদের বীরত্বগাথা দেখার জন্য।

সময়ের আলো/আআ



  বিষয়:   চীন  ফুটবল  বাংলাদেশ  অস্ট্রেলিয়া  নারী  দল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: