রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২ মার্চ) সন্ধ্যার দিকে তিনি গুলশানের এই হাসপাতালে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বর্তমান মন্ত্রিসভার সতীর্থ আমীর খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতির বিষয়ে অবগত হন। তিনি অসুস্থ অর্থমন্ত্রীর দ্রুত ও পূর্ণ রোগমুক্তি কামনা করেন।
অর্থমন্ত্রীর শয্যাপাশে এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনিও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অর্থমন্ত্রীর চিকিৎসার বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) শারীরিক অসুস্থতা বোধ করায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সময়ের আলো/আরবিএন