বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর ব্যারিস্টার আরমান এখন থেকে দলের আন্তর্জাতিক সম্পর্ক ও বিভিন্ন দেশের সাথে পররাষ্ট্র সংক্রান্ত নীতিনির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত হওয়ার পর দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে এই নতুন পদটি তার রাজনৈতিক ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করল।
এই গুরুদায়িত্বে ভূষিত করায় দলীয় আমিরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যারিস্টার আরমান।
এদিকে তার এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং বৈশ্বিক ভূ-রাজনীতির এই জটিল সময়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমন একজন দক্ষ আইনজীবীকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা নিয়োগ দেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
সময়ের আলো/আরবিএন