রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শুরু হওয়া এই সংঘাতের জেরে বর্তমানে পুরো ক্যাম্পাসে থমথমে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে প্রভাব বিস্তার নিয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে তপ্ত বাক্যবিনিময় ও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গভীর রাতে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পরপরই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো ক্যাম্পাস এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/আরবিএন