নবনিযুক্ত চিফ হুইপের সাক্ষাৎকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘদিন সংসদ ছিল না, এখন সংসদকে কার্যকর রাখা এবং প্রাণবন্ত রাখাই আমার লক্ষ্য বলে মন্তব্য করেছেন সংসদের নবনিযুক্ত চিফ হুইপ

2026-03-03T04:45:13+00:00
2026-03-03T04:45:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নবনিযুক্ত চিফ হুইপের সাক্ষাৎকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৪৫ এএম 
নবনিযুক্ত চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি : সময়ের আলো
দীর্ঘদিন সংসদ ছিল না, এখন সংসদকে কার্যকর রাখা এবং প্রাণবন্ত রাখাই আমার লক্ষ্য বলে মন্তব্য করেছেন সংসদের নবনিযুক্ত চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নতুন চিফ হুইপ নিযুক্ত করা হয়। 

চিফ হুইপ হওয়ার পর সোমবার (২ মার্চ) রাতে সময়ের আলোর সঙ্গে সংসদ, গণতন্ত্র ও বিরোধী দলের ভূমিকাসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন জনগণের বিপুল ভোটে ২০৯ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনগণ আমাকে জয়ী করেছে। সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর চিফ হুইপের দায়িত্ব পাওয়া সত্যিই আনন্দের। আমাকে চিফ হুইপ নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বরগুনা-২ আসন থেকে বারবার বিজয়ী নুরুল ইসলাম মনি বলেন, দীর্ঘদিন ধরে সংসদ ছিল না, এখন যেন সংসদ সচল হয়, কার্যকর হয়। সকল কর্মকাণ্ডে কেন্দ্রবিন্দু যেন সংসদ হয়, সেটা করার চেষ্টা করব। এটাই আমার লক্ষ্য। 

সংসদের আসন বণ্টনের বিষয়ে তিনি বলেন, কালকে (আজ মঙ্গলবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমরা দেখা করব, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, হুইপদের সঙ্গেও বসব, তাদের সঙ্গে আলাপ করে তারপর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাব।

নবনিযুক্ত চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি, তার আদর্শ নিয়ে আজকে আমরা এখানে এসেছি। একটু আগে মাগরিবের নামাজ আদায় করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করেছি।

আগে আওয়ামী লীগ বিএনপির বিরোধী দল ছিল, এই প্রথম জামায়াত বিএনপির বিরোধী দল হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল তো বিরোধী দলই। গণতন্ত্রের স্বার্থে একটা বিরোধী দল যেমন দরকার, আবার তারা গঠনমূলক আলোচনা করবে, এটাই প্রত্যাশা করি। বিরোধী দলের কাজ হচ্ছে, দেশকে এগিয়ে নিতে সংসদে সরকারের গঠনমূলক সমালোচনা করা। সংসদে উপস্থিত থেকে সংসদকে প্রাণবন্ত করা। কে কোন দল করে সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে রিয়েলি তারা সরকারকে সাহায্য করার জন্য, দেশেকে গণতন্ত্রায়ন করার জন্য সহযোগিতা করছে কি না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবেন তারাই আমাদের সঙ্গে থাকবেন, তাদেরই আমি এডমায়ার করি এবং অভিনন্দন জানাই।

প্রসঙ্গত নুরুল ইসলাম মনি ১৯৫২ সালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি যশোর শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাস করেন। পরের বছর ১৯৭৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে ফার্স্ট ক্লাসসহ পাস করেন। নুরুল ইসলাম মনি ১৯৮৮ সালের ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে এরশাদ সরকারের পতন হলে ১৯৯০ সালে সংসদ ভেঙে যায়। পরে ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম মনি আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি সে নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন। 

পরবর্তীতে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে নির্বাচনের পর তিনি বিএনপিতে যোগদান করেন। এরপর তিনি বরগুনা জেলা বিএনপির সভাপতিও নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ৭ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নবনিযুক্ত চিফ হুইপের সাক্ষাৎকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: