রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন কোম্পানি তার ছবি সংবলিত বিজ্ঞাপন ও ব্যানার স্থাপন করেছে।
মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রী সরাসরি এসব অপসারণের নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, সকালে গুলশানের বাসা থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে একটি ব্যানার দেখে তাৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর ব্যানারটি দ্রুত সরানো হয়। এর আগে বিজয় সরণীর একটি এলইডি ডিসপ্লেতে অভিনন্দনসূচক ছবি প্রদর্শিত হলে প্রধানমন্ত্রী তখনও তা অপসারণের নির্দেশ দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী এই নির্দেশের পাশাপাশি দেশের উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার এবং মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টহল বাড়ানোর নির্দেশও দিয়েছেন। এছাড়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর সড়কে ট্রাফিক সিগন্যাল মেনে চলার কারণে যান চলাচলের গতি বেড়েছে। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর ভিআইপি প্রটোকল সীমিত করার সিদ্ধান্তের ফলে সাধারণ যানবাহনের গতি গত ১৪ দিনে ৪.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে বৃদ্ধি পেয়ে ৫.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জন্য যান চলাচল সহজ হয়েছে।
প্রধানমন্ত্রী মোটা চালের মূল্যবৃদ্ধি নিয়েও দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাজারে খুচরা মোটা চালের দাম বৃদ্ধির খবর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে এবং চালের মূল্য স্থিতিশীল হচ্ছে।
/ইউএমএইচ