বিগত সরকার ঢালাওভাবে যেসব ওয়ার্ক অর্ডার দিয়েছে, সেটির ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি বলেন, ‘আগের যেসব টেন্ডার ওয়ার্ক অর্ডার তারা দিয়েছে, আমি বলেছি সেগুলো আমাদের ইমার্জেন্সি দরকার, ইমিডিয়েট দরকার। সেগুলো আমি দেখে তারপরে সেগুলোর ব্যবস্থা নেব। এর আগে, ঢালাওভাবে তারা যেসব ওয়ার্ক অর্ডার দিয়েছে, সেটার ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে। কোনোভাবে সেটা করা যাবে না।’
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ‘আমরা ইমিডিয়েটলি কী কী করতে চাই, আবার দীর্ঘ সময় কী কী দরকার, সেই বিষয় নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ঢাকা দক্ষিণ, উত্তর এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসককে তিনি সময় দিয়েছেন। আমরা বিভিন্ন সমস্যাগুলো বলেছি।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরে কর্পোরেশনগুলোর যে অবস্থা করা হয়েছে, আমাদের রাজস্ব বাজেটের যে অবস্থা অর্থাৎ এটা বলা চলে যে, আগামীতে যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই, তাহলে বেতন দিতে পারবো না। বেতনের টাকা নেই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে এবং তারপরে আরো যেটা করেছে, তারা প্রায় ১৪০০ কোটি টাকার অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোথা থেকে আসবে?’
সময়ের আলো/এনএ