পাকিস্তানের উত্তর বেলুচিস্তানে অন্তত ১৬টি স্থানে আফগান তালেবানের হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আক্রান্ত স্থানগুলোর মধ্যে রয়েছে কিলা সাইফুল্লাহ, নুশকি ও চামান জেলা। পাশাপাশি আরও ২৫টি স্থানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ মার্চ) এক ব্রিফিংয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতা তারার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকল হামলাই কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় আফগান তালেবানের ২৭ জন যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষে এফসি উত্তর বেলুচিস্তানের একজন সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছেন।’
আতা তারার আরও বলেন, ‘একটি স্থানে সরাসরি স্থল হামলার চেষ্টা করা হয় এবং ১২টি স্থানে গুলি চালানো হয়। রাতভর অভিযানে ৪০ জন তালেবান সদস্য নিহত হয়েছেন।’
এদিকে, মঙ্গলবার সকালে রাজধানী কাবুল শহরে বিস্ফোরণ, বিমানবিধ্বংসী অস্ত্রের গর্জন ও গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপির সাংবাদিক। সীমান্তবর্তী তোরখাম ক্রসিং এলাকাতেও কয়েক দিন ধরে লড়াই চলছে বলে জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার থেকে সীমান্তে এই সংঘর্ষ শুরু হয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। তবে, তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে, সংঘর্ষে বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি সব পক্ষকে সংযম দেখানোর পাশাপাশি বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সময়ের আলো/এসএ/এনএ