ইরাকের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র ‘রুমেইলা’ তেলক্ষেত্রে তেল উৎপাদন সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) শাফাক নিউজ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, রফতানি কার্যক্রমে বিঘ্ন ঘটার কারণে উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান সামরিক কার্যক্রমের ফলে তেলের সংরক্ষণ ট্যাংকগুলো পূর্ণ হয়ে যাওয়ায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে ইরাকি সেনাবাহিনী আর্মারযুক্ত যানবাহনের সহায়তায় আল-জুবায়র জেলার তেলক্ষেত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে মোতায়েন করা হয়েছে। মূলত এই এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছানোয় এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গালফ কিসটোন পেট্রোলিয়াম’ ইরাকের কুর্দিস্তান অঞ্চলের শাইকান তেলক্ষেত্রে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। একইভাবে দুবাইভিত্তিক ‘ডানা গ্যাস’ এবং অসলোভিত্তিক ‘ডিএনও’ তেলক্ষেত্রেও উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংঘাতের জেরে জ্বালানি খাতের এই অচলাবস্থা মধ্যপ্রাচ্যের তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সময়ের আলো/আরবিএন