জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সভাপতি পদে প্রার্থী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি গতকাল সোমবার এ সমর্থনের কথা জানান।
জানা গেছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমর্থন জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে জনগণের কল্যাণে সহযোগিতা সম্প্রসারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে, আলজেরিয়ার রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তার দেশের দৃঢ় আগ্রহের কথা জানান এবং সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
সময়ের আলো/এনএ