কূটনীতিকদের সম্মানে আগামী শুক্রবার ইফতারের আয়োজন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ইফতার। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকাস্থ দূতাবাসের বিভিন্ন প্রতিনিধিরা অংশ নিবেন এই ইফতারে। থাকবেন মন্ত্রী পরিষদের সদস্য ও এমপিরা।
বিষয়টি মঙ্গলবার সময়ের আলোকে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির এই সদস্য বলেন, পররাষ্ট্র মন্ত্রণালেয় থেকে সব আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে দাওয়াত দেওয়া শুরু হয়েছে। বলা যায় শুক্রবার যমুনায় প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি এটি।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অফিস করবেন কিন্তু তিনি থাকবেন নিজ বাসভবন গুলশানে। বিএনপির একজন দায়িত্বশীল নেতা সময়ের আলোকে এ তথ্য জানিয়ে বলেন, এই যাত্রায়ও তারেক রহমান তার বাবার পথ অনুসরণ করবেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বঙ্গভবনে অফিস করতেন, কিন্তু সেনানিবাসের মইনুল হোসেন রোডের বাসায় থাকতেন। তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও একাধারে সচিবালয়, যমুনা ও তেজগাঁও কার্যালয়ে অফিস করবেন। কিন্তু থাকেবন গুলশানের বাসভবনে।
গত শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর থেকে সেখানেই থাকতেন অধ্যাপক ইউনূস। জানা গেছে, ড. ইউনূসের চলে যাওয়ার পর এখন ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। এ সংস্কার কাজের মাধ্যমে যমুনাকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে।
সময়ের আলো/আরবিএন