ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম।
মঙ্গলবার (৩ মার্চ) রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ হামলার বিষয়ে সতর্ক করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ।
খবর আল জাজিরার।
গত শনিবার রোসাটম জানিয়েছে, তারা ইরান থেকে প্রায় ১০০ রুশ কর্মকর্তাকে সরিয়ে নিয়েছে। যদিও তাদের কর্মীরা বন্দর নগরীতে রাশিয়া-নির্মিত বিদ্যুৎকেন্দ্রে অবস্থান করছে।
একইসঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে রাশিয়ার এই সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘কোনো অবস্থাতেই’ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়।
এদিকে ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ।
মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, এই হামলায় নাতানজ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে প্রবেশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ক্ষয়ক্ষতির ফলে কোনো তেজস্ক্রিয় প্রভাবের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
সময়ের আলো/এআর