দেশে আইনশৃঙ্খলা দৃঢ় করতে এবার সারাদেশে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (৪ মার্চ) ঢাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে শুরু করে দেশের সব জেলায় চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা অনুযায়ী দ্রুত এবং কার্যকর অভিযান পরিচালনা করা হবে, যাতে তারা আইনের আওতায় আসে।’
তিনি আরও জানান, ‘জনগণকে এই অভিযানে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আমরা চাই দেশবাসী নিশ্চিন্ত থাকুক। দেশের শান্তি ও নিরাপত্তা আমরা অটুট রাখতে প্রতিশ্রুতি-বদ্ধ।’
আরও পড়ুন
ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য- আইন শৃঙ্খলা নিশ্চিত করা, জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। পুলিশ এখানে অগ্রণী ভূমিকা রাখবে।’
তিনি অতীতের সরকারের সময়ে পুলিশের উপর আংশিক রাজনৈতিক দোষ চাপানোর বিষয়টিও তুলে ধরেন। ‘বিগত সময়ে কিছু দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড পুলিশের নামে লিপ্ত হয়েছে, কিন্তু এটি প্রতিষ্ঠানের দোষ নয়। এখন আমরা পুলিশকে জনগণের সত্যিকারের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
স্বরাষ্ট্রমন্ত্রী কর্মকর্তা ও পুলিশ বাহিনীকে উজ্জীবিত করে বলেন, ‘আমি তাদের মধ্যে দৃঢ় সংকল্প দেখেছি। দেশ ও জাতির কল্যাণে তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অতীতের দোষ প্রতিষ্ঠানের নয়, বরং কিছু ব্যক্তির কর্মকাণ্ডের ফল। আমরা সেই কৌশল পরিবর্তন করছি এবং পুলিশকে জনগণের আস্থা পুনরুদ্ধারে নেতৃত্ব দেব।’
এই ঘোষণার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা এবং চাঁদাবাজি, অস্ত্রধারী ও অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার বার্তা পাওয়া যাচ্ছে।
এএডি/