গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি অ্যাগ্রোভেট কারখানায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে অবস্থিত একটি অ্যাগ্রোভেট কারখানায় গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। এ ঘটনায় কারখানার পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
ওসি মাহবুর রহমান বলেন, চাঁদা দাবির লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, মামলাটি বর্তমানে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফআর