বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। অভিযানকালে ১৪ ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র জব্দ করা হয়েছে। তবে জড়িত তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি।
বুধবার (৪ মার্চ) কোস্ট গার্ডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি সংলগ্ন মেঘনা নদীতে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোস্ট গার্ড বেইস ভোলা, স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলার সদস্যরা অংশ নেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১৪টি ড্রেজার চিহ্নিত করা হয় এবং সেগুলোর বৈধ কাগজপত্র জব্দ করা হয়। অভিযান চলাকালে কয়েকটি ড্রেজার দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা সেগুলোকে নিয়ন্ত্রণে এনে নথিপত্র জব্দ করেন। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জব্দকৃত নথিপত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
কোস্ট গার্ড জানায়, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে। যার প্রভাবে ফসলি জমি, বসতভিটা ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত নজরদারি ও যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এফআর