ওমানের উত্তর দিকে অবস্থিত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
আল জাজিরার খবর অনুযায়ী, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে যে হামলার কারণে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। তবে স্বস্তির বিষয় হলো, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে যে এই ঘটনায় এখন পর্যন্ত পরিবেশের কোনো ক্ষতি হয়নি।
আসলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত সোমবার থেকেই ইরান এই প্রণালীটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তেহরান আগেভাগেই সতর্ক করেছিল যে, কোনো জাহাজ এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের নৌবাহিনী বা রেভল্যুশনারি গার্ড হামলা চালাবে।
বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য এই রুটটি অত্যন্ত জরুরি।
ইরান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখান দিয়েই মূলত তেল ও গ্যাস সরবরাহ করে। আমেরিকার হিসাব অনুযায়ী, ২০২৪ সালে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে গিয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার কোটি ডলার।
সময়ের আলো/আরবিএন