ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা এবং স্বাস্থ্য

2026-03-05T02:10:57+00:00
2026-03-05T02:10:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২:১০ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। 

এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, সরকারের নীতি হলো, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়া। এ বিষয়ে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, এ বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়ে আলোচনা হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, শুধু এলজিইডির পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে ১৭০টি।

প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও তার অধীন প্রতিষ্ঠান এবং সংস্থার এ রকম পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে সেগুলো ক্লিনিক ও স্বাস্থ্যসেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এই বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান রুমন বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও সভায় আলোচনায় ওঠে। এতে জানানো হয়, প্রতি বছর ৩৪ লাখ নবজাতক হয়।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রতি বছর নবজাতকে যে পরিসংখ্যান দেওয়া হয়, বৈঠকে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে তৎপর হতে বলা হয়।

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। এর মধ্যে নারী ৮০ শতাংশ এবং ২০ শতাংশ পুরুষ। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূণ্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, দুর্গম এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে যেন চিকিৎসকরা যান; সে বিসয়ে স্বাস্থ্যমন্ত্রীকে তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ

অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও টেকসই সবুজায়ন নিশ্চিত করতে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেল’র সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মপরিকল্পনার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। 

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে বলেছেন। সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়েছে। সরকারি নার্সারি ছাড়াও বিভিন্ন বেসরকারি নার্সারি থেকে প্রয়োজনীয় চারা সংগ্রহ করা হবে। কর্মসূচির আওতা সম্পর্কে জানানো হয়, সারা দেশে খাসজমি, চরাঞ্চল, নদীর দুই পাড়, সড়ক-মহাসড়কের দুই ধার, বনাঞ্চলে যেখানে বৃক্ষ নেই সেসব স্থানে এবং সরকারি প্রতিষ্ঠানের আঙিনায় এই বৃক্ষসমূহ রোপণ করা হবে। 

পরিবেশ সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জানানো হয়েছে, প্রতি শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবে এবং সেই বৃক্ষ তারাই পরিচর্যা করবে। সভায় বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশ দেন।
সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

এ ছাড়াও সরকারপ্রধান জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সদা প্রস্তুত থাকার ওপর গুরুত্ব আরোপ করেন বলেও জানান আতিকুর রহমান রুমন। এ সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   ই-হেলথ  কার্ড  চালু  নির্দেশ  প্রধানমন্ত্রী  তারেক  রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: