প্রাণহীন লিটল ম্যাগ চত্বর

ফাইয়াজ উদ্দিন স্মরণ

জাতীয়

বইমেলার সপ্তম দিন ছিল গতকাল। মেলার শুরুর দিনগুলোতে পাঠক-দর্শকের উপস্থিতি তেমন লক্ষ না করা গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেলায়

2026-03-05T02:35:08+00:00
2026-03-05T02:35:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
অমর একুশে বইমেলা
প্রাণহীন লিটল ম্যাগ চত্বর
ফাইয়াজ উদ্দিন স্মরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২:৩৫ এএম 
বইমেলায় বায়োস্কোপ দেখছে শিশুরা। ছবি : সময়ের আলো
বইমেলার সপ্তম দিন ছিল গতকাল। মেলার শুরুর দিনগুলোতে পাঠক-দর্শকের উপস্থিতি তেমন লক্ষ না করা গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেলায় বাড়ছে পাঠক-দর্শকের সমাগম। তবে এর প্রভাব পড়ছে না লিটল ম্যাগ চত্বরে। নতুন কবি বা লেখক তৈরির আঁতুড়ঘর হিসেবেই পরিচিত বইমেলার লিটল ম্যাগ চত্বর এখন প্রাণহীন।

একসময় লিটল ম্যাগ চত্বর মানেই ছিল তরুণ লেখক-পাঠকদের আড্ডাস্থল কিন্তু এবারের বইমেলায় এই চত্বর পুরোটাই খালি, নেই কোনো পাঠক-দর্শক এমনকি মেলায় স্টল বরাদ্দ নিয়েও অংশগ্রহণ করেনি অধিকাংশ প্রকাশনী প্রতিষ্ঠান।
বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর পাশে বরাদ্দকৃত লিটল ম্যাগ চত্বরে ঢুকেই দেখা যায় এখানে নেই কোনো পাঠক, হাতেগোনা কয়েকটা প্রকাশনী প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছেন। পাঠক-দর্শক না থাকায় মোবাইল চালিয়ে অবসর সময় পার করছেন বিক্রেতারা। এদিকে মেলার অন্যান্য স্টলের মতো নেই কোনো সাজসজ্জা, এ যেন মেলার সবচেয়ে অবহেলিত অংশ। 

মেলায় ঢুকে কথা হয় আন্দোলন প্রকাশনীর সদস্য কানন চক্রবর্তীর সঙ্গে। তিনি সময়ের আলোকে বলেন, এমন একটি সময়ে বইমেলা শুরু হয়েছে যখন রমজানও শুরু হয়েছে‌। সে জন্য পাঠক, লেখক, কবি, সাহিত্যিকদের উপস্থিতি কম। লিটল ম্যাগ চত্বর বরাবরের মতোই অবহেলিত। তবুও আমরা প্রাণের বইমেলা উদযাপন করছি।

লিটল ম্যাগ চত্বরে অনেক স্টল খালি থাকার কারণ জানতে চাইলে হতাশার সুরে তিনি বলেন, একটা স্টলে একজন বিক্রয়কর্মী নিয়োগ করতে যে টাকা দিতে হবে সেই টাকাটাও বই বিক্রি করে আসবে না‌, আসা-যাওয়ার খরচও তাদের হবে না। এ কারণে অনেকেই পিছিয়ে গেছে। তা ছাড়া এক মাসব্যাপী বইমেলাটি হলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার একটা সুযোগ থাকে কিন্তু সেই সুযোগও এবার নেই। তাই অনেকেই স্টল বরাদ্দ নিয়েও অংশগ্রহণ করেনি। 

‘সীরাত স্মারক’ স্টলে বসে অবসর সময় পার করছেন লেখক রাসেল রবি। তিনি সময়ের আলোকে বলেন, আমাদের স্টলে সিরাত বই থাকায় বিগত সময়ে আমাদের মেলায় অংশগ্রহণের সুযোগ দেয়নি। দুই বছর ধরে আমরা এখানে অংশগ্রহণ করছি। এবারের মেলা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এবারের মেলা প্রাণহীন। শুধু মনের খোরাক মেটাতে এখানে অংশগ্রহণ করা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর লিটল ম্যাগ চত্বরে প্রবেশ করেন দুই তরুণ। তারা সময়ের আলোকে জানান, এটি যে একটা বইমেলার অংশ দেখে বুঝার উপায় নেই। আমরা পাশ দিয়েই যাচ্ছিলাম। ফাঁকা চত্বর দেখে কৌতূহলেই প্রবেশ করেছি।

এদিকে বুধবার বইমেলার ৭ম দিনে অন্যান্য দিনের তুলনায় মানুষের উপস্থিতি কিছুটা বেশি লক্ষ করা যায়। প্রকাশকের প্রত্যাশা সামনের দিনগুলোতে বইমেলায় সমাগম ঘটবে পাঠক, দর্শক ও লেখকদের। গতকাল মেলার সময়সূচি ছিল দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং তথ্যকেন্দ্রে মেলার নতুন বই জমা পড়েছে ৮১টি।

মূলমঞ্চের অনুষ্ঠান : বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : সন্জীদা খাতুন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মফিদুল হক। আলোচনায় অংশ নেন মোহাম্মদ আজম। সভাপতিত্ব করেন ভীষ্মদেব চৌধুরী।
লেখক বলছি : এ অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক নাসিমা আনিস।

সাংস্কৃতিক অনুষ্ঠান : বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি খোকন মাহমুদ ও মনিরুজ্জামান মিন্টু। আবৃত্তি পরিবেশন করেন সুনৃত সুজন, রূপশ্রী চক্রবর্তী এবং শারমিন সুলতানা জুঁই। সংগীত পরিবেশন করেন সুমন মজুমদার, বর্ণালী সরকার, সুকন্যা মজুমদার, মুন্নী কাদের, গার্গী ঘোষ, নাদিয়া আরেফিন শাওন। 

আজকের আয়োজন : আজ মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষ : সুকান্ত ভট্টাচার্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সুমন সাজ্জাদ। আলোচনায় অংশ নেবেন আহমেদ মাওলা। সভাপতিত্ব করবেন আবদুল হাই শিকদার। বিকাল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সময়ের আলো/আআ


  বিষয়:   অমর  একুশে  বইমেলা  প্রাণহীন  লিটল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: