জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন ও গায়ক প্রীতম জুটি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’ মুক্ত হতে যাচ্ছে আসছে ঈদুল ফিতরে। ঈদে সিরিজটির মুক্তি সামনে রেখে গতকাল প্রকাশ পেয়েছে সিরিজটির টিজার। শিহাব শাহীন নির্মিত এই ওয়েব সিরিজিটির টিজার মুক্তির পর থেকে বেশ প্রশংসিত হচ্ছে দর্শকদের কাছে।
‘ক্যাকটাস’-এ প্রীতম হাসানকে দেখা যাবে এক দক্ষ হ্যাকার চরিত্রে। টিজারে তাকে কয়েদি হিসেবেও দেখা গেছে, যিনি সাইবার জগতে ভয়ংকর প্রতিভাবান একজন। তবে বিশেষ এক পরিস্থিতিতে কারাগার থেকেই তাকে আবারও নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। সরকারের সহায়তায়, রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। চরিত্রটি নিয়ে প্রীতম হাসান বলেন, চরিত্রটা নিয়ে বেশি বলতে চাই না। তবে এটা ঠিক যে চরিত্রটির একটা জার্নি আছে। আমার সঙ্গে আশা করি দর্শকরাও সেই জার্নিতে শামিল হবেন। সিরিজটি দর্শকের ভালো লাগবে বলে মনে হয়। নির্মাতা শিহাব শাহীন দারুণ করে সিরিজটি নির্মাণ করেছেন।
টিজারে মেহজাবীনকে দেখা গেছে নতুন অবতারে, অ্যাকশন লুকে এবং অ্যাকশন দৃশ্যে। তার এই রূপ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা। শক্তিশালী, আত্মবিশ্বাসী ও রহস্যময় উপস্থিতি নিয়ে তিনি গল্পে যুক্ত করেছেন ভিন্ন মাত্রা।
এই সিরিজে অনুরা চরিত্রে অভিনয় করা মেহজাবীন চৌধুরী বলেন, এই সিরিজে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। এই চরিত্র আমাকে নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকশন। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. অ্যাডওয়ার্ড এবং তার টিম অসাধারণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। স্ক্রিপ্ট প্রথম শুনেই এই দিকটা আমাকে অনুপ্রাণিত করেছে, সত্যি বলতে খুব আকর্ষণীয় লেগেছিল।
নির্মাতা শিহাব শাহীন বলেন, টিজার দেখে দর্শকরা হয়তো বুঝতে পারছেন যে, এবারের শুটিং সাধারণ না, বেশ চ্যালেঞ্জিং। এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং এর গল্প। টিজারে যতটা ধারণা পাওয়া যায়, গল্পের পরিসর তার চেয়েও অনেক বড়। নির্মাতা জানিয়েছেন, ‘ক্যাকটাস’ গল্পটা গড়ে উঠেছে মানসিভকে কেন্দ্র করে। তার সঙ্গে অনুরা চরিত্রটি গল্পে নিয়ে আসে নতুন মোড়।
চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এ মেহজাবীন-প্রীতম ছাড়াও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম।
সময়ের আলো/আআ