ইংলিশ প্রিমিয়ার লিগে লজ্জার হার দেখল লিভারপুল। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা (২০ নম্বর) উলভারহ্যাম্পটন ওয়ান্ডারাসের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হারল তারা। জিতলে ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলার সঙ্গে যৌথভাবে (৫১ পয়েন্ট) টেবিলের তিন নম্বরে থাকত লিভারপুল। কিন্তু পুঁচকে উলভারহ্যাম্পটনের বাধা টপকাতে পারল না আর্নে সøটের দল। ২৯ ম্যাচে ১৪ জয়, ৯ ড্র এবং ৫ হারে অলরেডদের সংগ্রহ এখন ৪৯ পয়েন্ট। টেবিলের পাঁচে অবস্থান। অন্যদিকে ৩০ ম্যাচে ৩ জয়, ৭ ড্র ও ২০ হারে টেবিলে সবশেষ অবস্থানে উলভারহ্যাম্পটন।
মঙ্গলবার রাতে ম্যাচে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। প্রয়াত দিয়োগো জোতার স্মরণে দুদলের সমর্থকরাই দাঁড়িয়ে সম্মান জানান। ১৮ মিনিটে মোলিনেক্সে তার জার্সি নম্বর স্মরণ করা হয়, ২০ মিনিটে লিভারপুল সমর্থকরা গেয়ে উঠেন তার নাম। ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চলে। সমানতালে লড়াই চলে ম্যাচে ১-১ গোলের ড্রয়ের ইঙ্গিতও ছিল। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে আন্দ্রের গোলের সুবাদে লিভারপুলকে হারিয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে উলভারহ্যাম্পটন, যা ২০২৪ সালের এপ্রিলের পর এই প্রথম।
লিগ টেবিলের তলানিতে থাকা উলভস আগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়েছিল। সেই আত্মবিশ্বাস নিয়েই ঘরের মাঠ মোলিনেক্সে নামা দলটি এবার হারাল শীর্ষ চারে উঠার লড়াইয়ে থাকা লিভারপুলকে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আন্দ্রের ডিফ্লেক্টেড শট জালে জড়িয়ে গেলে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। প্রথমার্ধে লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও উলভস ছিল সংগঠিত ও শৃঙ্খলিত। দূরপাল্লার শট ছাড়া তেমন হুমকি তৈরি করতে পারেনি সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে লিভারপুল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে গোলবঞ্চিত হয় দলটি। প্রতিপক্ষকে চাপে রাখে লিভারপুল আক্রমণভাগ। তবে চাপের মুখে থেকেও ৭৮ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় উলভস। লং বল থেকে টোলু অ্যারোকোদারে ভার্জিল ফন ডাইককে কাটিয়ে বল বাড়ান রদ্রিগো গোমেসের কাছে। তিনি এগিয়ে আসা অ্যালিসনের ওপর দিয়ে নিখুঁত চিপ শটে গোল করে দলকে লিড এনে দেন।
গোল হজম করে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। বদলি রিও নগুমোহা প্রায় সমতা ফেরাতে যাচ্ছিলেন, কিন্তু সা তার শট পোস্টে ঠেলে দেন। শেষ পর্যন্ত সমতা আসে মোহাম্মদ সালাহর পা থেকে। জ্যঁ রিকনার বেলেগার্দের ভুল পাস কাড়েন সালাহ, শক্ত শটে জালে বল পাঠিয়ে ১০ ম্যাচ ও ১২২ দিনের গোলখরা কাটান তিনি।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই আসে চূড়ান্ত নাটক। অ্যালিসনের লম্বা বল সরাসরি পৌঁছে যায় ইয়ারসন মসকেরার কাছে। সেখান থেকে বল পান আন্দ্রে। তার শট জো গোমেজের গায়ে লেগে দিক বদলে অ্যালিসনের নাগালের বাইরে চলে যায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোলটি নিশ্চিত করে উলভসের ঐতিহাসিক জয়।
সময়ের আলো/আআ