ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুর্দিদের ওপর হামলার পাশাপাশি ইসরায়েল ও মার্কিনি দূতাবাসে নতুন করে আক্রমণ শুরু করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, পশ্চিম গ্যালিলি অঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি আরব অন্তত তিনটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে।
তবে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের সংলগ্ন এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে কাঁপছে তেহরান, সানান্দাজ ও বুকানের মতো শহরগুলো।
ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, তারা ইরানের ‘কোম’ শহর থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকা একটি ব্যালেস্টিক মিসাইল প্ল্যাটফর্ম ধ্বংস করে দিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ইরানের মোবাইল মিসাইল লঞ্চারগুলো পুরোপুরি নির্মূল করা।
আল-জাজিরার সংবাদদাতা তৌহিদ আসাদি তেহরান থেকে জানান, মধ্যরাত থেকে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো শহর কাঁপছে। তেহরানের একটি বিশাল অংশ মানুষ ইতোমধ্যে শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। যারা যেতে পারেনি, তারা চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০টিরও বেশি শহর হামলার শিকার হয়েছে।
/ইউএমএইচ